অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোকানের ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়ায় ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বেলা পৌনে দুইটার দিকে সাইফুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি ব্যবসায়ীর কাছে নিজের পরিচয় দিয়ে ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় সাইফুল ইসলামকে ‘ভুয়া’ বলে ব্যবসায়ী হাবিবুরের সন্দেহ হয়।
ভ্যাট পরিদর্শক নিজের ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। পরে লোক জড়ো করে ভ্যাট পরিদর্শকের মুঠোফোন ছিনিয়ে নেন এবং একপর্যায়ে তাঁকে সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় ভ্যাট পরিদর্শককে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় মো. সবুজ মিয়া। হাবিবুর ও তাঁর লোকজন সবুজের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, দুপুরে সাইফুল ইসলাম নামের একজন চিকিৎসা নিতে এসেছিলেন। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাতের কনুইয়ের ওপরে ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি জানান, তাদের কার্যালয়ে কর্মরত ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। রোববার কার্যালয়ে গিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।