অনলাইন ডেস্ক: ঢাকায় হয়ে গেল দুই দিনের সাংবাদিকতা সম্মেলন। এতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার বিকালে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন শেষ হয়। এতে ১২টি অধিবেশনে বাংলাদেশের সাংবাদিকদের পাশাপাশি কানাডা, পাকিস্তান, সুইডেনসহ ১০টি দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিকতা বিশেষজ্ঞ ও সাংবাদিকরা অংশ নেন।
‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এটির আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, “বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফায় অন্যান্য প্রতিশ্রুতির পাশাপাশি এমন একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলেছে। এই জায়গায় কাজ করতে চাই এবং একটি স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত করতে চাই, যার মাধ্যমে সবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।”
একই সঙ্গে তিনি গণমাধ্যমের নিজস্ব রেগুলেশন বা নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করে এজন্য গণমাধ্যমগুলোর সক্ষমতা তৈরির কথা বলেন।
বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।