আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

সারাবাংলা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যুবলীগের মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। তাদের হাতে থাকা ব্যানারে— হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত বিভিন্ন স্লোগান লেখা ছিল। মিছিলটি একপর্যায়ে আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের সামনে এসে পৌঁছালে নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেন।

নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলের বিষয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। আগ্রাবাদের এই মিছিলের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমীনুর রশিদ গণমাধ্যমকে জানান, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও ফুটেজটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *