আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আইজিপির ছোট ভাই আব্দুল্লাহ আল মাহমুদ

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: সুনামগঞ্জে এবার আলোচিত নাম চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ছোট ভাই এই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন তিনি।

রবিবার বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) এবার বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে রতন বাদ পড়েছেন এবং দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার বাসিন্দা রণজিত চন্দ্র সরকার।

দেখা যাচ্ছে, সুনামগঞ্জের অন্য দুটি আসনে রদবদল হয়নি। সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক আবারও সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) দলের টিকিট পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *