পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

জাতীয় হাইলাইটস

অনলাইন ডেস্ক: এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিনে দেওয়া হচ্ছে না পুলিশ পদক। বাহিনীর নিয়মিত বার্ষিক এ আয়োজনে বিভিন্ন স্তরের ১০৭ জন সদস্যের পদক পাওয়ার কথা ছিল।

রোববার (১০ মে) শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাত শনিবার পদক স্থগিতের খবর দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তালিকায় নাম থাকা একাধিক কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তাও রোববার পুলিশ পদক দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ের ঘোষণা রোববার দেওয়া হবে বলে জানান তিনি।

পদকপ্রাপ্তদের প্রাথমিক তালিকায় নাম থাকা একজন অতিরিক্ত আইজিপিও শনিবার রাতে এ তথ্য দেন।

তালিকায় নাম থাকা ১০৭ জন কর্মকর্তা শনিবারও দিনের বেলা মহড়ায় অংশ নেন। পরে রাতে তারা জানতে পারেন পদক স্থগিতের খবর।

তবে কী কারণে পদক দেওয়া স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি তাদের।

নির্বাচিত নতুন সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহের বর্ণ্যাঢ্য উদ্বোধনের প্রস্তুতি চলছে রাজারবাগ পুলিশ লাইন্সে। পদক প্রদান স্থগিত থাকলেও উদ্বোধন অনুষ্ঠান হবে, যাতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পদকপ্রাপ্তদের পদক দেওয়ার কথাও ছিল তার।

প্রতি বছর পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদকপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান।

কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়ে থাকে।

২ মে থেকে রাজারবাগে পুলিশ সপ্তাহের মহড়াতে অংশ নেন পদকের তালিকায় থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

অতিরিক্ত আইজি পদমর্যাদার এক কর্মকর্তা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, “আমি খবরটা জেনে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে জানানো হয়েছে পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *