অনলাইন ডেস্ক: থালাপতি বিজয় রোববার সকাল ১০টায় ভারতের তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খবর এনডিটিভির।
রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন শনিবার (৯ মে) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এর আগে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপর সরকার গঠনের পথ পরিষ্কার হয়।
গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে থালাপতি একাই জিতেছেন দুটি আসনে; কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। দুই দলের দুটি করে মোট চারটি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।
রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের কঠিন পরীক্ষা বিজয়ের এই অভাবনীয় জয়ে তার হাজারো ভক্ত উন্মাদনায় ভাসছেন। কেউ কেউ তার মুখের ছবি বুকে ট্যাটু করে উল্লাস করছেন।
কিন্তু জনগণের এই আবেগের উল্টোদিকে যে গাণিতিক ও বাস্তবতার কঠিন হিসাব, তা বিজয়ের কাছে একদমই নতুন। তিনি আগে কখনো সরকারি বা প্রশাসনিক পদে ছিলেন না। আর তামিলনাড়ুর মতো ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির একটি রাজ্য চালানো এমন সহজ কাজ নয়, যা করতে করতে শেখা যাবে।
শুধু তাই নয়, তার নতুন সরকার এমন একটি রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে যার ঘাড়ে বিপুল ঋণের বোঝা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দশ বছরে তামিলনাড়ুর ঋণ ২ দশমিক ৮ লাখ কোটি রুপি থেকে বেড়ে ১০ দশমিক ৬ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
টিভিকে তাদের ইশতেহারে তামিলনাড়ুর অর্থনৈতিক স্বনির্ভরতা আনার প্রতিশ্রুতি দিয়েছে। রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের জননেতা হওয়ার পথে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিজয়কে প্রমাণ করতে হবে তিনি আসলে কেমন নেতা হতে যাচ্ছেন।