এবার ড. ইউনূসকে নিয়ে ‘ওয়ান ইলেভেন’ সৃষ্টি করতে চায় বিএনপি: ওবাদুল কাদের

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের পর এবার ড. ইউনূসকে নিয়ে ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ড. কামাল হোসেনকে নিয়ে যে খেলায় মেতে ছিল। এবার ড. ইউনুসকে তারা নতুন করে ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়। তিনি বলেন, গত সাড়ে ১৪ বছরের রাজনীতিতে সনাতন ধর্মের মানুষের জন্য আপন মানুষ শেখ হাসিনার চেয়ে আর কেউ নেই। আমি এবারও ভয় পাচ্ছি। যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সাড়ে তিন মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি নানা খেলা খেলবে। এদের বিষয়ে আমাদের আরও সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। সৃষ্টকে পালন করতে হবে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষনেতা বলেন, আমাদের ভুল নেই, তা আমরা বলি না। ভুল স্বীকার না করার মাঝেই অহংকার প্রকাশ পায়। আমরা যারা রাজনীতি করি, ব্যবসা করি, সাংবাদিকতা করি, সবারই সৃষ্টিকর্তার বিধান মেনে চলতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের অন্যান্য নেতারা।

পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *