হামাসের রকেট হামলায় নিহত ৪০, নেতানিয়াহু বললেন শত্রুদের কঠিন মূল্য দিতে হবে

আন্তর্জাতিক

জেএন ২৪ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় কমপক্ষে ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে এনটুয়েলভ নিউজের বরাতে খবর দিয়েছে রয়টার্স। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে শনিবার ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছুড়েছে বলে জানিয়েছে হামাস।

রকেট হামলা শুরুর পাঁচ ঘণ্টা পর জনগণের উদ্দেশে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতবো।’ নেতানিয়াহু বলেন, ‘শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ জন ফিলিস্তিনি, ৩২ জন ইসরায়েলি এবং ২ জন বিদেশি নিহত হয়েছেন। সামরিক ব্যক্তির পাশাপাশি নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন।

এরইমধ্যে ইসরায়েলি সেনারা সব জায়গায় শত্রুর বিরুদ্ধে লড়াই করছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এদিকে হামাসের হামলার পর ইসরায়েল সীমান্ত থেকে গাজার পূর্বাঞ্চলের অনেক বাসিন্দা ঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক।

এরইমধ্যে হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ফিলিস্তিন বিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় বলেছে, ‘সন্ত্রাস ও সহিংসতায় কোনো কিছুর সমাধান হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *