বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে ফোন করুন ফায়ার সার্ভিসে

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: বন্যা কবলিত এলাকায় সহজে যাতে সাধারণ মানুষ সেবা নিতে পারেন, তাই একটি মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয়ভাবে স্থাপিত এই মনিটরিং সেল বৃহস্পতিবার ভোর থেকে চালু করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজের সহযোগিতার জন্য হটলাইন নম্বর ও নিয়ন্ত্রণ কক্ষের নম্বর চালু রেখেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের অধিদপ্তরে কেন্দ্রীয়ভাবে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম বৃহস্পতিবার ভোর থেকে চালু করা হয়েছে। সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যে কোনো সহযোগিতার জন্য হটলাইন নম্বর ১৬১৬৩ এবং নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে।

পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস মানুষের দুঃসময়ের বন্ধু। বরাবরের মতো দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সকলেই যেন সহজে ফায়ার সার্ভিসের সেবা নিতে পারেন সেজন্য এই মনিটরিং সেল বন্যার সময়ে সার্বক্ষণিক কাজ করবে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার সকল কর্মকর্তার ছুটি বাতিল করে সকলকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বন্যাজনিত কারণে বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৬০টি গাছ অপসারণ, ২টি ভূমিধস, ১১টি অগ্নিদুর্ঘটনা ও নয়টি অন্যান্য দুর্ঘটনায় অংশ নিয়ে দুইজনকে জীবিত ও দুইজনের লাশ উদ্ধার করা হয়। আর ১০০ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। একই সাথে অতি বৃষ্টির কারণে বরিশাল বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া নয়টি গাছ অপসারণ এবং একটি অগ্নিদুর্ঘটনায় অংশ নিয়ে দুইজনকে জীবিত ও এক জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশনসমূহ এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবা গ্রহণকারী সকলেই দিন রাত ২৪ ঘণ্টা বন্যা-সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *