দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব

রাজনীতি

অনলাইন ডেস্ক: বিয়ে করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান (৬২)। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে আজ বৃহস্পতিবার রাতে তিনি বিয়ে করেন। এটি তার দ্বিতীয় বিয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। সে ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে।

আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আমাতুর রহমান তাদের পাঁচ বোনের মধ্যে সবার বড়।

আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুতে শোকাতুর পরিবারের চার ছেলে ও দুই মেয়ের অভিভাবক হিসেবে এবং ব্যক্তিগত প্রয়োজনে তিনি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই নতুন সংসার শুরু করলেন।

সম্প্রতি আরেক তরুণ ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই প্রবীণ আলেম আল্লামা সাজিদুর রহমানের বিয়ের খবরটি এলো।

উল্লেখ্য, আল্লামা সাজিদুর রহমান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *