জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে।’
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। পরে উপজেলা আর্ট স্কুল উদ্বোধন করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ বিএনপির ডাকে এখন আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এ দেশের মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগণই তাদের প্রতিহত করবে, জনগণ তাদের এসবের জবাব দেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। এ বছরও বেড়েছে। মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি ছয় লাখ আনসার মোতায়েন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু প্রমুখ।
শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply