জেএন ২৪ নিউজ ডেস্ক: জনগণ প্রত্যাখ্যান করলে আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। রাজধানীর গাবতলীতে শুক্রবার ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আবদুর রাজ্জাক বলেন, ‘শেখ হাসিনাকে জনগণ আবারও ক্ষমতায় দেখতে চায়। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে আসতে হবে। নির্বাচনে অংশ নিতে হবে। জনগণ নির্ধারণ করবে— কে আগামীতে ক্ষমতায় আসবে। ভোট ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই।’
আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব নয় মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘আন্দোলন করে, সন্ত্রাস করে, অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের ভিত্তি জনগণ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূলে। মাটির অনেক গভীরে। ইচ্ছা করলেই সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, গাড়ি পুড়িয়ে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা উন্নয়নের মহাসড়কে আছি। উন্নয়নের মহাসড়কে আমাদের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তার জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’
Leave a Reply