গুলশানের বাসা ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানের বাসা ফিরোজার ফিরলেন বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকাল বাসায় ৬টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছেন। এর আগে সাড়ে ৪টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গেল ২৯ শে এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। নিয়মিত চেক আপ করার পর বাসায় ফেরার কথা থাকলেও তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাতেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

এভারকেয়ারে হাসপাতালের ৭২২৩ নম্বর কেবিনে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি।

এর আগে গত বছরের জুনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তার একটি ব্লকে রিং পরানো হয়েছে।

অনেক বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা। এর আগে ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *