অনলাইন ডেস্ক: ইরান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ (বাল্ক ক্যারিয়ার) হামলার শিকার হয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রমবিষয়ক সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, পণ্যবাহী জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (১৮ কিলোমিটার) পশ্চিমে ছোট ছোট কয়েকটি নৌযান থেকে জাহাজটির ওপর হামলা চালানো হয়।
ইউকেএমটিও আরও জানিয়েছে, হামলার শিকার জাহাজের সব নাবিক ও ক্রু নিরাপদ আছেন। এছাড়া এই ঘটনার ফলে সমুদ্রের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল ইউএসএস মিলিয়াস পরিদর্শন করেছেন। ওই সময় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটি ইরানের বন্দরগুলির অবরোধ কার্যকরে আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছিল।
ইউএসএস মিলিয়াসে অবস্থানকালে, ব্র্যাড কুপার নাবিকদের সঙ্গে কথা বলেছেন ও বক্তৃতা দিয়েছেন। তিনি সেখানে চলমান মিশনের গুরুত্ব তুলে ধরেছেন। সেন্টকম ‘এক্স’ বার্তায় এ কথা জানিয়েছে।
সেন্টকম জানায়, গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলো অবরোধ শুরু করার পর আজ রোববার পর্যন্ত ৪৯টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী।
সূত্র: আল–জাজিরা।