জেএন ২৪ নিউজ ডেস্ক: বালু নদীতে নৌকায় পিকনিক করতে গিয়ে মদপানের পর বিষক্রিয়ায় তিন যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মনির হোসেন (৩৫), সানি (২৫) ও হাসান (২২)। এদের মধ্যে শনিবার মারা যাওয়া মনির রিকশাচালক। বাকি দুইজনের বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ বলছে, শুক্রবার পিকনিকের ডিজে পার্টিতে মদ পান করে একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে শনি ও রবিবার তাদের মৃত্যু হয়।
পুলিশের সুরহতাল রিপোর্টে মদপানে বিষক্রিয়ায় ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাদের ভিসেরা পরীক্ষার আবেদন জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অসুস্থ অবস্থায় অন্তত ১০জন বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকার খবর পাওয়া গেছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ ঢাকা টাইমসকে বলেন, তারা (নিহত তন জন) চোলাই মদ পান করেছিলেন। পিকনিকে গাজীপুর গিয়েছিলেন, সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে তারা মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে বাড্ডা থানার পুলিশ জানায়, শুক্রবার বাড্ডার স্বাধীনতা স্মরণীর রাসেলবাগ এলাকার শতাধিক ব্যক্তি নৌকায় করে বেরাইদ থেকে বালু নদীতে পিকনিকে যান। উদ্যোক্তা ছিলেন স্থানীয় কয়েক ব্যক্তি। প্রতিবছরই তারা এ ধরনের পিকনিক করে থাকেন। জনপ্রতি চাঁদা ছিল দেড় হাজার টাকা। পিকনিকে অংশ নেওয়াদের মধ্যে অনেকেই রিকশাচালক, কেউ শ্রমিক ও দোকানের কর্মী।
পিকনিকের ওই নৌকায় ডিজে পার্টির ব্যবস্থা ছিল। গাজীপুরের পূবাইল এলাকায় গিয়ে শুক্রবার বিকাল ৫টার পর তারা মদপান করেন। রাত সাড়ে ১০টার দিকে নৌকাটি বেরাইদ ঘাটে ফিরে আসে। বাড়ি ফেরার পর থেকে তাদের অনেকেরই বমি হতে থাকে। শনিবার আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে রবিবার দুপুরে রিকশাচালক মনিরের লাশ ময়নাতদন্তের পর স্বজনরা নিয়ে যান। কুমিল্লার বুড়িচং উপজেলার জয়নাল আবেদিনের ছেলে মনির।
নিহত বাকি দুজন বাড্ডা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।