অবশেষে বিসিবির ভেন্যু ফিরে পেয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

খেলাধুলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: অবশেষে বিসিবির ভেন্যু ফিরে পেয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। শনিবার দুপুরে বিসিবির সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ভেন্যুটি চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকল। শনিবার আনুষ্ঠানিকভাবে ভেন্যু হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামে জাতীয় লীগ ও বিসিবির খেলাগুলো সমন্বয় করে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, আগের থেকে আরও ভালো খেলা দেখতে পাব।

এ সময় তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনসহ সংস্থাটির অন্য কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এছাড়া তিনি বগুড়া-৬ এর সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ বগুড়ার ক্রীড়াপ্রেমী, সুশীল সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের প্রতি জেলা প্রশাসন বগুড়ার পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে ১ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে প্রত্যাহার করা হয় বিসিবির নিযুক্ত বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারীকে। সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন বৃহস্পতিবার থেকে চান্দু স্টেডিয়ামে বিসিবির লোকজনেরা মালামাল তুলে নেয়ার কাজ শুরু করেন।

ওই সিদ্ধান্তের কারণ হিসেবে বিসিবি বগুড়া জেলা ক্রীড়া সংস্থাকেই দায়ি করে। তবে সেই অভিযোগকে অমূলক বলে পাল্টা দাবি জানিয়েছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *