প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

সারাবাংলা

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা মজিবুর রহমান। তিনি আসার আগেই জানাজা শেষ হয়ে যায়। পরে লাশ এনে রাখা হয় বাড়িতে। সেখানেই মাকে শেষবারের মতো দেখেন তিনি।

শুক্রবার (১৫ মে) মায়ের মৃত্যুতে প্যারোলে ২ ঘণ্টার জামিনে আসেন গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মজিবুর রহমান। তিনি পৌর শহরের ঝলমল সিনেমা হল সড়ক মধ্যবাজার মহল্লার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

মজিবুর রহমানের মা জাহেরা খাতুন (৯৩) বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে ৫ ছেলে, ২ মেয়ে, নাত-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মজিবুর রহমান হলেন তার ৪র্থ সন্তান।
শুক্রবার জুমার নামাজের পর বড় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মজিবুর রহমানের বড় ভাই শাহজাহান জানায়, প্যারোলে মুক্তির আবেদন ও কাগজপত্র প্রস্তুত করতে করতে জানাজার নামাজ শেষ হয়ে যায়। এর পরে তার মায়ের লাশ নিজ বাসায় এনে রাখা হয়।
পুলিশ প্রহরায় দুপুর ২টা ৪০মিনিটে নিজ বাসায় প্যারোলে মুক্তি পেয়ে আসেন মজিবুর রহমান। এ সময় আত্মীয়স্বজনদের কান্নায় চারপাশ ভারি হয়ে যায়। মাকে একনজর দেখে কান্নায় ভেঙে পড়েন মজিবুর রহমান।

২০২৫ সালের ২১ ডিসেম্বর রাতে পুলিশ মজিবুর রহমানকে অভিযান চালিয়ে পৌর শহরের ঝলমল সিনেমা হল সড়ক এলাকা থেকে গ্রেফতার করে। ২২ ডিসেম্বর পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। সেই থেকে তিনি জেলহাজতে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *