ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১ দিন ছুটি বাড়ানোর সুপারিশ​​​​​​​

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন করতে একদিনের ছুটি বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি রাখার সুপারিশ করা হয়েছে। কমিটির সুপারিশ আগামীকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে সুপারিশ করেছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, ‘ছুটির ব্যাপারে কাল (সোমবার) একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না! যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে।’ এছাড়াও কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ এপ্রিল খোলা। এজন্য আমরা ওই দিনটি বন্ধ রেখে আগের শনিবার অফিস করতে পারি কি না সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।’তিনি বলেন, ‘আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। সে জন্য যানজটটা বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না এই সুপারিশ আমরা দেবো।’

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল যাতে না করতে পারে সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ঈদের সময় ফিটনেস নাই এমন গাড়ি চলাচল করে। এসব গাড়ি রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে চলাচল ব্যাহত হয়। যাত্রীদের অনেক ভোগান্তি হয়। সেজন্য ফিটনেসবিহীন এ সমস্ত গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য আগে থেকেই সতর্ক করা হবে।’

মিল-কলকারখানার শ্রমিকদের ছুটির পর একযোগে এসব গাড়ি ভাড়া করার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।

এ সময় শ্রমিকদের সময়মতো বেতন পরিশোধের উদ্দেশ্যে অতিরিক্ত সময় ব্যাংক খোলা রাখার বিষয়ে মোজাম্মেল হক বলেন, ‘শ্রমিকদের বেতন যাতে সময়মতো পরিশোধ করা হয় সেজন্য প্রয়োজনে ব্যাংক বেশিক্ষণ খোলা রেখে, বন্ধের দিনও খোলা রাখে সুবিধা দিতে পারে, যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ না হয়। শ্রমিকদের যাই প্রাপ্য থাকে সেগুলো যাতে সময়মতো পরিশোধ হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল মালিকদের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর হচ্ছে ১১ এপ্রিল ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে। এর আগে ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *