লোহাগড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

সারাবাংলা

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান শেখকে (৩২) ইয়াবাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হাসান শেখ ওই গ্রামের রুস্তম শেখের ছেলে।

ওসি নাসির উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হাসান শেখ মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ইতোপূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেফতার করেছে। থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *