আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া জামালপুরের সেই ডিসিকে প্রত্যাহার

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেয়ায় জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

তার জায়গায় নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচাল (উপসচিব) শফিউর রহমানকে।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের ভোট চাওয়ার ঘটনার সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে মো. ইমরানকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার এবং সংসদ নির্বাচনে সব ধরনের নির্বাচনী দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখার সুপারিশ করেছে ইসি।

এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামালপুরের জেলা প্রশাসক বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমি এটা মনে করি আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।

এরপর জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *