রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো: জয়নাল আবেদীন।

তিনি জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক জেনেভা সফর। সরকারপ্রধান রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি আশা করে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। বঙ্গভবনের মুখপাত্র জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এর আগে, প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭:৩৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও এসময় রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিনীকে ফুলের তোড়া উপহার দেন।

বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ ও উপস্থিত ছিলেন। ঢাকাটাইমস/২২জুন/ইএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *