৬৮ বছর বয়সে ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল বর্ষীয়ান অভিনেত্রী রেখা!

বিনোদন

জেএন ২৪ নিউজ ডেস্ক: দীর্ঘ ক্যারিয়ারে যে সুযোগ আসেনি, সেই সুযোগ এলো বৃদ্ধ বয়সে। ৬৮ বছর বয়সে প্রথমবার ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। ২০১৪ সালের পর থেকে তার পর্দায় দেখা নেই। এই অবস্থায় সোজাসুজি ‘ভোগ’-এর কভার পেজে মোহময়ী রূপে ধরা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রেখা।

একটি ছবিতে মাথায় জরির কাজ ভর্তি টুপিসহ সোনালি জরি এবং ছোট পাথরের কাজ করা পোশাক পরে থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। উইংগড লাইনার, মেরুন লিপস্টিকের সঙ্গে খোঁপা এবং জড়োয়ার গয়নায় নজর কাড়লেন তিনি।

আরেকটি ছবিতে রেখাকে ইজিপশিয়ান রানির বেশে দেখা যায়। মাথায় ময়ূরের পেখমের মতো মুকুট, কানে পেল্লাই সাইজের একটি দুল। পরনে রয়েছে মুকুটের সঙ্গে ম্যাচ করা সোনালি পোশাক, যেখানে নীল এবং সোনালি জরির কাজ করা কলার এবং হাতা দেখা যাচ্ছে।

আরব দেশের রানির বেশেও দেখা যায় রেখাকে। মাথায় টিকলি, ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে সোনালি শাড়িতে যেন তার রূপ আরও ফেটে পড়ছে। পায়ে পরেছেন স্টিলেটো। কে দেখে বলবে তার বয়স ৬৮! সাদা আনারকলি, নাগরাই জুতার সঙ্গে ম্যাচিং গয়না পরেও দেখা যায় তাকে।

প্রতিটা লুকেই যে বিশেষ ভাবে নজর কেড়েছেন রেখা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে চমক দিয়ে তাকে পুরনো স্টাইলের পশ্চিমী পোশাকেও দেখা গেল বইকি! সাদা কলার এবং হাতাওয়ালা কালো গাউনে নজর কাড়লেন তিনি। মাথায় ছিল সেই সুপরিচিত ব্রিটিশ টুপি।

একটি লাল গাউন পরা ছবিও দেখা যায় রেখার। ‘ভোগ’ ম্যাগাজিনকে দেয়া একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, ‘আমি ছবি করি বা না করি সিনেমা আমাকে কখনোই ছেড়ে যায় না। আমার কাছে বহু স্মৃতি আছে, যা আমাকে সব সময় ভালো রাখে। সে সব কিছুই আমি ভালোবাসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *