২৮ অক্টোবর কোনো সহিংসতা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা: জাহিদ মালেক

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি জামায়াতের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘তারা আগামীতে ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে, আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে কোনো সহিংসতা করা হলে সরকারিভাবে ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদ মালেক এসব বলেন।

জাহিদ মালেক বলেন, বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি। যারা দেশে অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারো একই চিন্তা চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে কোনো সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে নির্বাচনে আসার জন্য বার বার আহ্বান করা হচ্ছে। তাদের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয়ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে সবকিছুই মোকাবেলা করব।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

বিকালে মহেশপুরের ভৈরবায় ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *