অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপির অভিযোগ নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন; তবে তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়ে পড়েছে।
তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো আইনগত বাধা নেই।
মঙ্গলবার (২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ কথা জানান।
তিনি বলেন, অনুসন্ধানে দেখা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নেওয়া তিন কোটি টাকার একটি ঋণের সঙ্গে খুরশীদ আলমের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে। পরবর্তীতে ওই ঋণ খেলাপি হয়েছে। তবে এ কারণে খুরশীদ আলমকে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
আরিফ হোসেন খান বলেন, “ঋণটি তার স্ত্রীর প্রতিষ্ঠানের নামে। খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। তাই চেয়ারম্যান পদে তার নিয়োগে কোনো ধরনের বাধা নেই।”
খুরশীদ আলমকে ঘিরে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি দাবি করেন, সে সময় তার বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা যথার্থ ছিল না। পরবর্তীতে বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর পদে পদোন্নতি দেওয়া হয়।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ নিয়ে চলমান বিতর্কের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, এ নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হয়েছে এবং কোনো ধরনের চাপ বা আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত থেকে সরে আসবে না।