সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানকে চার রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা, অল্পের জন্য প্রাণে রক্ষা

ক্রাইম নিউজ

জেএন ২৪ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে চার রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে নয়াপুর এলাকায় তাকে লক্ষ করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। হুমায়ুন কবির ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন তিনি।

জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দিতে যান হুমায়ুন কবির। তিনি ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে তিনটি মোটরসাইকেল যোগে ছয়জন ‍যুবক আসেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে এক যুবক তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হুমায়ুন কবির দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হন।

এলাকাবাসী জানায়, গত ৮ জানুয়ারি স্থানীয় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান শিপলু সমর্থক ও বর্তমান চেয়ারম্যান হুমায়ূনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষের মামলা করে। সেই থেকে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ থেকেই গুলির ঘটনা ঘটতে পারে।

চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ছয়জন যুবক এসে রাস্তার মধ্যে চার রাউন্ড গুলি ছুড়ে আমাকে হত্যার চেষ্টা করে। এ সময় দৌড় দেওয়ার কারণে আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।

এ ঘটনায় অভিযুক্ত তায়েব শিকদার বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। আমি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করি। আমি চেয়ারম্যান সাহেবকে সম্মান করি। তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হওয়া যাবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেয়ারম্যানকে গুলি ছুড়ে হত্যা চেষ্টার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *