সাজেক যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে ঢাবি ছাত্রী অপহরণ

ক্যাম্পাস

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক (রুইলুইপাড়া, হামারিপাড়া ও কংলাকপাড়া) ভ্রমণে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপিতা চাকমা।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বার্ষিক শিক্ষা সফরে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩২ জনের একটি দল মঙ্গলবার রাতে রাঙামাটির সাজেকের উদ্দেশে রওয়ানা দেয়। বুধবার দুপুরে সাজেক যাওয়ার পথে তাদের গাড়ি আটক করে দুর্বৃত্তরা। পরে ওই নারী শিক্ষার্থীকে অপহরণ করে।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ গণমাধ্যমকে বলেন, বেলা সোয়া ১২টার দিকে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার করতে পারব বলে আমরা আশাবাদী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, তাকে উদ্ধারে অভিযান চলছে। এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *