সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যাম হাইলাইটস

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের গণমাধ্যম খাত এখনও পুরোনো অ্যানালগ কাঠামোর মধ্যে আটকে রয়েছে। দ্রুত পরিবর্তিত ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ‘রূপান্তরিত গণমাধ্যম ইকো-সিস্টেম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসকদেরও প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে গণমাধ্যম খাতের কাঠামোগত দুর্বলতা সমস্যা সুনির্দিষ্টভাবে চিহ্নিত না করায় গদবাঁধা চিন্তা ও কাজের মধ্যেই খাতটি পরিচালিত হয়েছে। এখন সেই অবস্থান থেকে বেরিয়ে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কাজ করতে চায় সরকার।’

সভায় ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপতথ্য (ডিস-ইনফরমেশন) মোকাবিলার বিষয়েও গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করার উদ্যোগ নেয়া হবে।’

তিনি বলেন, ‘সরকারের প্রস্তুতি এবং গণমাধ্যমের চাহিদার মধ্যে বর্তমানে একটি স্পষ্ট ব্যবধান রয়েছে, যা রাষ্ট্রীয় দুর্বলতারই প্রতিফলন। তবে এই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। শিগগিরই আধুনিক তথ্য ব্যবস্থাপনায় প্রবেশ করা সম্ভব হবে।’

সাংবাদিকদের বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার বিষয়েও মন্ত্রী বলেন, ‘এরইমধ্যে নোয়াবের সঙ্গে মালিকপক্ষের নীতিগত পর্যায়ে আলোচনা হয়েছে। শিগগিরই টেলিভিশন মালিকদের সংগঠনের সঙ্গেও বৈঠক হবে। সাংবাদিকরা সম্মানিত পেশার মানুষ। তাই নিয়োগকর্তারা যেন আইন অনুযায়ী মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেন, সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *