সম্পত্তি আত্মসাৎ করে বাংলাদেশ সুপ্রিম পার্টির কার্যালয়, ইসিতে আপত্তি

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছেন পার্টির চেয়ারম্যানের ভাই শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারী। পাশাপাশি তিনি পারিবারিক সম্পত্তি ফিরে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিলের মাধ্যমে ওই আপত্তি জানানো হয়।

এরপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন সৈয়দ সহিদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের পারিবারিক বসবাসের জায়গা জবরদখলে নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় কার্যালয় বানানো হয়েছে। শুধু কেন্দ্রীয় দপ্তর নয়, পারিবারিক অন্যান্য সম্পত্তিও দখল করেছেন বিএসপি প্রধান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। এ জন্য তার রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। পাশাপাশি দেশের মধ্যে থাকা মাইজভান্ডার খানকা শরিফকে দলীয় কার্যালয় করা হয়েছে।’

এ অবস্থায় পারিবারিক সম্পত্তি ফিরে পেতে ও বিএসপিকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান ভুক্তভোগী শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বোন সৈয়দা সায়েমা আহমদ ও সৈয়দা সাহেদা আহমদও।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, বিএসপিকে নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। কারও কোনো অভিযোগ থাকলে ইসিকে দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আমাদের অভিযোগ ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় পারিবারিক সম্পত্তি এবং মাইজভান্ডার খানকা শরিফকে কার্যালয় দেখানো হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়টি যেটা দেখানো হয়েছে, সেখানে আমরা আমাদের পরিবার, স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করি।

তাছাড়া পারিবারিক সম্পত্তিগুলো নিয়ে কোর্টে মামলা চলমান। এ অবস্থায় তিনি সব সম্পত্তি দখল করতে চাইছেন। আমরা দুই ভাই দুই বোন। উনি আমার এবং ছোট দুই বোনের সম্পত্তি আত্মসাৎ করার জন্যই নির্বাচনি কার্যালয় আমাদের পারিবারিক সম্পত্তির ওপর দেখিয়েছেন। এ ক্ষেত্রে ইসিকে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। আমরা বিএসপিকে নিবন্ধন না দেওয়ার জন্য ইসির কাছে অনুরোধ জানাই। এর আগে একইদিন ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে সহিদ উদ্দিন আহমদ বলেন, ‘বিএসপির প্রধান একজন সন্ত্রাসী, ভূমিদস্যু, প্রতারক, জালিম। এ ঠকবাজ কীভাবে জাতীয় নির্বাচন করবে। যার কাছে পরিবার-পরিজন নিরাপদ নয় তিনি কীভাবে দলের নিবন্ধন পেতে পারেন। যিনি আমার বাবা সৈয়দ মইনুদ্দীন আহমেদ মাইজভান্ডারী থেকে সমুদয় সম্পত্তি জুলুম করে, প্রতারণার মাধ্যমে, হেবা দলিলের মাধ্যমে ভুয়া কাগজপত্রে দখলে নিয়েছেন। বাবার সমুদয় ব্যাংক অ্যাকাউন্ট, টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আমাদের পৈত্রিক ও মাত্রিক সম্পত্তির কোনো হিস্যা দেননি। একজন সন্ত্রাসী একটা পার্টির নেতৃত্ব দিলে আমাদের পরিবার আরও নিরাপত্তাহীনতায় থাকবে।’

সংবাদ সম্মেলনের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএসপির নিবন্ধন না দেয়ার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাইজভান্ডারীর কয়েক শ ভক্ত ও আশেকান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *