লিবিয়া থেকে এই পর্যন্ত ৯৭৫ জন অভিবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন​​​​​​​

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে ঘূর্ণিঝড় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ জন বাংলাদেশিসহ আজ বৃহস্পতিবার ১৪০ জন অভিবাসী দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উদ্যোগে লিবিয়ার অনিয়মিত বাংলাদেশিদের ফেরানো হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে প্রায় ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসমগ্রী দেয়া হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দারনা ও আল-বাইদা শহরে জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন জানান, এখন পর্যন্ত দেশটিতে ডিটেনশান সেন্টারে বন্দি বাংলাদেশির সংখ্যা নিশ্চিত করা যায়নি। অবৈধ বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট বা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে যখন যাদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে তাদেরকেই তাৎক্ষণিক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া দারনা শহরে বন্যা কবলিত প্রবাসীদের পাসপোর্টসহ বৈধ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় তাদেরকে দেশে প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানান সেহেলী সাবরীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অবৈধ উপায়ে যারা লিবিয়াতে আটক আছেন তাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত আছেন। লিবিয়াতে অবৈধ বাংলাদেশিরা ইউরোপের দেশগুলোতে অবৈধ উপায়ে যাওয়ার পথেই লিবিয়াতে আটক হচ্ছেন। যারা এরইমধ্যে দেশে ফিরেছেন তাদের ওপর নিপীড়নের ঘটনা তুলে ধরলে মানবপাচারের ঘটনা কমবে বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘লিবিয়াতে অবৈধ বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ডিটেনশান সেন্টারে আটক আছেন। লিবিয়ায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে সব বন্দীশালায় দূতাবাস একইরকম যোগাযোগ করতে পারছে না।

২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ফিরেছেন ৯৭৫ জন। শিগগিরই সকল অনিয়মিত সকল বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *