জেএন ২৪ নিউজ ডেস্ক: নিরাপত্তা রক্ষায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ১১ প্লাটুন সদস্য। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও রবিবারের হরতালকে সামনে রেখে তাদের মোতায়েন করা হলো।
শনিবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ দপ্তর সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, ১১ প্লাটুন বিজিবির মধ্যে রমনায় এক প্লাটুন, মতিঝিল, সচিবালয় এলাকা ও পল্টনে দুই প্লাটুন করে ছয় প্লাটুন বিজিবি সদস্য টহলে থাকবেন। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আগামীকালও বিজিবি মোতায়েন করা হবে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ডিউটিতে থাকব।
বিজিবির একটি সূত্র জানায়, আরও ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবেন।
শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীর কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। রণক্ষেত্রে পরিণত হয় পল্টন, কাকরাইল এলাকা। এসময় সাংবাদিক, পুলিশসহ আহত হয়েছেন অর্ধশত।
সংঘর্ষে আহত পুলিশের ১০ সদস্য ঢামেকে চিকিৎসাধীন। তাঁরা হলেন- কনস্টেবল শাহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, কনস্টেবল আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) কাইয়ুম, কনস্টেবল আলী, কনস্টেবল আবু তাহের, কনস্টেবল শাকিল, কনস্টেবল তোফাজ্জল।