যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তা অত্র অঞ্চলের উপকারে আসবে: পররাষ্ট্রমন্ত্রী

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক : শেখ হাসিনার সরকার তথা আওয়ামী লীগের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে নয়াদিল্লির বার্তা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত যদি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কিছু বলে থাকে, নিশ্চয় তা অত্র এলাকার উপকারে আসবে। ভারত সরকার অত্যন্ত পরিপক্ক সরকার বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত একটা শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। এটা সম্পর্কে কোনো কিছু বলার নেই।

ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে বলে সম্প্রতি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে দেওয়া বার্তায় ভারত বলেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত ও যুক্তরাষ্ট্র কারও পক্ষেই সুখকর হবে না। কারণ শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে জামায়াতে ইসলামীর মতো সংগঠনের ক্ষমতা বাড়বে বলে মনে করে ভারত।

এদিকে যুক্তরাষ্ট্র জামায়াতকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দেখে। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করে। কিন্তু ভারত জামায়াতকে একটি উগ্র মৌলবাদী সংগঠন মনে করে।

ভারতের বার্তায় বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ স্থলসীমান্ত আছে। বাংলাদেশে জামায়াতের মতো সংগঠন শক্তিশালী হলে ভারতের সীমান্ত নিরাপত্তা সমস্যার মুখে পড়বে। জামায়াতের মতো সংগঠনের সঙ্গে পাকিস্তানের নিবিড় যোগ আছে বলেই মনে করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *