যানজটের শহরে ফিরেছে লোকজন

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঈদ-উল-আজহার ছুটি শেষ হয়েছে সপ্তাহখানেক আগেই। অফিস-আদালত খুললেও ছিল না কর্মব্যস্ততা। আজ রবিবার থেকে পুরোদমে শুরু হয়েছে অফিসিয়াল কার্যক্রম। র্দীঘ ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানও। ফলে রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। অধিকাংশ সড়কেই তৈরি হয় যানজট।

গণপরিবহন শ্রমিকদের ভাষ্য মতে, ঈদের একদিন আগে থেকে পরের এক সপ্তাহ রাস্তা ফাঁকা ছিল। আজ রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। ফলে সেই চিরচেনা যানজটের নগরে ফিরেছে ঢাকা।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তে শুরু করে কর্মজীবী মানুষের ভিড়। শিক্ষার্থীদেরও গণপরিবহনের অপেক্ষায় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে গাড়ির সংখ্যাও। ফলে সড়কে তৈরি হয় যানজট। কোথাও কোথাও যানজটে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের।

রাজধানীর সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগে তীব্র যানজট দেখা যায়। সেই সঙ্গে বিভিন্ন সড়কে গণপরিবনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও ছিল চোখে পরার মত।

যানজটের কবলে পড়ে অনেকে অস্বস্তিও প্রকাশ করেন। শ্যামলীতে কথা হয় ওয়েলকাম পরিবহনের গুলিস্তানগামী যাত্রী সজিবের সঙ্গে। তিনি বলেন, ঈদের তিন দিন পর অফিস খুলেছে। এতোদিন কোনো যানজট দেখি নাই। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছি। কিন্তু আজ সড়কে প্রচণ্ড যানজট। সেই পুরনো যানজটের নগরে ফিরছে ঢাকা।

আরাফাত রনি নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছু দিন সড়ক ছিল যানজট বিহীন। যে রাস্তাটুকু যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো সেখানে এতোদিন ১০ থেকে ১৫ মিনিটে গিয়েছি। কিন্তু আজ দীর্ঘ যানজট পেরিয়ে অফিসে আসতে হয়েছে। আবার গাড়ির জন্যও অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *