জেএন ২৪ নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচার করা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিকল্প মুখপাত্র রফিকুল আলম।
রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এ পরিচালক বলেন, নির্বাচন কমিশনের অনুমতির বিষয়ে নিশ্চিত নন তিনি। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রী – প্রতিমন্ত্রীর নির্বাচনি কর্মকাণ্ড নিয়মিত সাংবাদিকদের প্রচারের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের এমন কার্যক্রমে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘিত হয় কি না এসব প্রশ্ন তোলেন সাংবাদিকরা। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিরোধী রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অভিযোগের বিষয়েও প্রশ্ন উঠে। তবে সন্তোষজনক উত্তর দেননি মন্ত্রণালয়ের এই মুখপাত্র। রফিকুল আলম বলেন, এসব বিষয়ে বিস্তারিত জেনে পরে জানানো হবে।
ব্রিফিংয়ে মুখপাত্র জানান, লিবিয়া থেকে আটক আরও ২৬৩ বাংলাদেশিকে আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হবে।
এরইমধ্যে লিবিয়ার ত্রিপলিতে আটকে থাকা ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।
দেশটিতে আটক বাংলাদেশিরা মানবপাচারের শিকার কি না জানতে চাইলে রফিকুল আলম বলেন সেটা নিশ্চিত নয়। লিবিয়ার ডিটেনশন সেন্টারে এখন পর্যন্ত কী পরিমাণ বাংলাদেশি আছে তা এখনও জানা যায়নি বলেও জানান বিকল্প মুখপাত্র।