নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন: বিভাগীয় কমিশনার ও ডিসিদের প্রধানমন্ত্রী

জাতীয় হাইলাইটস

অনলাইন ডেস্ক: দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

তিনি বলেন, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসকগণ) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন।

“সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ।”

প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি বলেন, “প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়। এটি মানুষের সেবার একটি মাধ্যম। আমি একটি বিষয় গভীরভাবে বিশ্বাস করি, আমাদের সমস্যা অসংখ্য, তবে সম্ভাবনাও কিন্তু কম নয়।

“আমাদের দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ যেটি আছে, এর সুযোগ নিয়ে আমরা যদি তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই জনসংখ্যাই কিন্তু হবে আমাদের জনসম্পদ এবং বিশ্বাস রাখুন, এরাই কিন্তু বদলে দিতে পারবে আমাদের এই প্রিয় বাংলাদেশকে।”

মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান রেখে জনপ্রশাসনের মাঠ পর্যায়ের প্রশাসকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, “রাষ্ট্র এবং সমাজের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখতে আমাদেরকে সম্ভাব্য সকল উপায় বের করা প্রয়োজন। আমাদেরকে পারিবারিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।

“আমরা যদি সবাই একটা ছোট্ট বিষয় মনে রাখি, একটি ছোট্ট কথা মনে রাখি, সেটি হল একটি রাষ্ট্রের খুবই ক্ষুদ্র ইউনিট একটি পরিবার। একইভাবে অনেকগুলো, লক্ষ কোটি পরিবারের সম্মেলনই হল আমাদের এই রাষ্ট্র। সুতরাং পরিবারগুলো ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধ সুসংহত হয়।”

ডিসি সম্মেলন উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বার্ষিক সম্মিলন হয়। বার্ষিক এই সম্মিলনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সপরিবারে অংশ নেন।

গেল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

#বিস্তারিত কমেন্টে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *