দেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, নতুন রোগী ২৫৫৫

হেলথ কর্ণার

জেএন ২৪ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন ঢাকাতে এবং ঢাকার বাইরে মারা যান চারজন। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক হাজার ১০৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৫৫ জন। এর মধ্যে ঢাকাতে ৬১৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৯৩৮ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন। এরমধ্যে ঢাকাতে ৮৯ হাজার ৪৬০ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ১৯ হাজার ৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৩২ হাজার ৯৯১ জন ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে সারা দেশে মোট আট হাজার ৬০২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছে। ঢাকায় দুই হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৯১৯ জন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *