তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত : জালাল ইউনুস

খেলাধুলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: কান্নাভেজা চোখে আন্তার্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। প্রিয় ক্রিকেটারের এমন অপ্রত্যাশিত সিদ্ধান্তে হতবাক সবাই। কিন্তু তামিমের এ সিদ্ধান্ত কীভাবে নিয়েছে বিসিবি? সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

হঠাৎ করেই তামিমের এই অবসরকে ‘শকিং’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। ’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলমান। যেখানে নেতৃত্ব দিচ্ছেন তামিমই। সামনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপও, যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারই। কিন্তু তা আর হলো না। বৃহস্পতিবার চট্টগ্রামে অশ্রুসিক্ত নয়নে অবসরের ঘোষণা দিয়ে বাকরুদ্ধ করে দেন তামিম। এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হতে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *