ডিটেনশন সেন্টারে আটক আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরল

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: লিবিয়ার ত্রিপোলিতে বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক আরও ১৩৬ জন বাংলাদেশিকে বৃহস্পতিবার একটি ফ্লাইটযোগে দেশে পাঠানো হয়েছে। তারা সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সরাসরি সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে একই অভিযোগে আটক ১৪৩ জন, ৩০ নভেম্বর ১১০ জন এবং ৬ ডিসেম্বর বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার ১৩৬ জন ঢাকায় বিমানবন্দরে নামলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম তাদের অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ‘পকেট মানি’ হিসেবে ছয় হাজার ৫৮ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান দেশে ফেরত আসা বাংলাদেশিদের খোঁজখবর নেন। তিনি বাড়িতে ফিরে লিবিয়াতে নিজেদের ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রতিবেশী ও আত্মীয়-পরিজনের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

মোস্তফা জামিল বলেন, ভবিষ্যতে আর কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায় সে বিষয়ে সচেতনতা তৈরিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগির আরও অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে। নভেম্বর-ডিসেম্বর সময়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ভাড়া করা চারটি চার্টার্ড ফ্লাইটে সর্বমোট ৫৩৪ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *