জোট ব্রিকসে যোগ দেয়া ব্যাকআপ প্ল্যানের অংশ নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দেয়া ব্যাকআপ প্ল্যানের অংশ নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, তবে এ রকম একটি জোটে যুক্ত হলে বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়ন ত্বরান্বিত হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রবিবার (২৫ জুন) ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে কূটনীতিক বিটের সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বাংলাদেশ। আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৯ জুন) রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ১৪ জুন জেনেভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার বিষয়টি উঠে আসে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কারো কোনো চাপ অনুভব করছে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যার অভিধানে ভীতি বলে কোনো শব্দ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

শাহরিয়ার আলম বলেন, ‘পৃথিবীর কোনো রাষ্ট্রকেই আমরা বলিনি বা বলব না, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করতে। আমরা একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করব। বিদেশি পর্যবেক্ষক আসতে চাইলে সহায়তা করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *