জামালপুরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নাদিম মারা গেছেন

গণমাধ্যাম

জেএন ২৪ নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ছিলেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। কারণ, কয়েকদিন ধরে নিউজ নিয়ে তার সঙ্গে নাদিমের দ্বন্দ্ব চলছিল। আমি আমার স্বামীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি চাই।

এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে হামলায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পাঁচটি টিম মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *