জাতীয় চলচ্চিত্র পুরস্কার আরো একবার জয়ার ৫ নম্বর, চঞ্চলের ৩

বিনোদন

জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আরও একবার শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর তকমা পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়। সেখানে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী হিসাবে চঞ্চল ও জয়ার নাম রয়েছে।

চঞ্চল চৌধুরী সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘হাওয়া’ সিনেমাটির জন্য। সেখানে তিনি চাঁন মাঝির ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে জয়া সেরা অভিনেত্রী হয়েছেন ‘বিউটি সার্কাস’ সিনেমার বিউটি চরিত্রটির জন্য।

তবে এবারই প্রথম নয়, এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই দুই তারকা। তাও একাধিক বার। এর মধ্যে জয়ার হাতে এই পুরস্কার উঠেছে চারবার। এবার নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় পুরস্কার গ্রহণ করবেন অভিনেত্রী।

অন্যদিকে ‘মনপুরা’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার। একটি ‘মনপুরা’, অন্যটি ‘আয়নাবাজি’ সিনেমার জন্য। এবার নিয়ে চঞ্চলের জাতীয় পুরস্কারের সংখ্যা হবে তিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *