চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে ভোটার বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশে ভোটারের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত হওয়া তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১০০ জন। এর ফলে আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে শনিবার বিকালে এ তালিকা প্রকাশ করা হয়।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন নারী, ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন পুরুষ ও ৯৩২ জন তৃতীয় লিঙ্গের।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা যায়নি।

এর আগে গত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন ছিল। ইসির ঘোষিত সময়ে বাড়ি বাড়ি ভোটারদের তথ্য সংগ্রহ করা হলেও সারা বছর সংশ্লিষ্ট উপজেলা, থানা নির্বাচন অফিসে গিয়ে বাংলাদেশি নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সি এবং ভোটারযোগ্য বাদ পড়া নাগরিকের তথ্য সংগ্রহ করে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *