জেএন ২৪ নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকির ঘটনায় জামায়াতে ইসলামীকে অভিযুক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই চিকিৎসককে হত্যার হুমকি দিয়ে জামায়াতে ইসলামী তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর আগে তাকে চিকিৎসা দিয়েছিলেন বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা জামান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সব ঘটনা বলেছেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি মনে করি, জামায়াত যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে সব সময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মধ্য দিয়েই জামায়াত জানান দিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমরা এটাও প্রত্যক্ষ করেছি, তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দান করেছেন। তার (সাঈদী) চিকিৎসা করেছেন। তারপরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।’
মঙ্গলবার রাতে এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ভুক্তভোগী চিকিৎসক উল্লেখ করেন, তিনি বিএসএমএমইউতে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রবিবার দিবাগত রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ছিলেন সাঈদী। সোমবার চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়। চিকিৎসক জামান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে।
জিডিতে ওই চিকিৎসক বলেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তির আচরণে ভীত-শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারী ব্যক্তিরা যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে।