চলতি ২১ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

অর্থনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে এর পরিমাণ প্রায় ১৫ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার ডলারের হিসেবে প্রতি দিন সাত কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার ছাড়াবে প্রবাসী আয়।

সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল দেশে।

এদিকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ।

এদিকে ডলারের বাজার স্থিতিশীল রাখতে গত অর্থবছরে রেকর্ড পরিমাণ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে সাড়ে ১৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। তার আগের অর্থবছরে বিক্রি করে সাত দশমিক ৬২ বিলিয়ন ডলার। এভাবে ডলার বিক্রির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। সবশেষ আন্তর্জাতিক মনিটরি ফান্ডের (আইএমএফ) নিয়ম অনুযায়ী রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। হিসেব অনুযায়ী রিজার্ভ কমে ২৩ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *