গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬০

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হলো। এছাড়া গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশে সর্বমোট এক হাজার ৩০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার আট জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৯২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এতে বলা হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৯২৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে এক হাজার ৩০৩ জন হয়েছেন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী চার হাজার ৫৮৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৫৮৩ জন এবং ঢাকার বাইরে সারা দেশে এক হাজার তিন জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *