ঈদের সিনেমা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি, যা বললেন ফারুকী

বিনোদন

জেএন ২৪ নিউজ ডেস্ক: গত কয়েক বছর ধরে দেশে কোনো সিনেমা মুক্তির পর শুরু হয়ে যায় শিল্পী-কলাকুশলীদের বাকযুদ্ধ। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা নিয়েও শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। তবে আশার কথা হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৫টি সিনেমার সবগুলোই ভালো যাচ্ছে। সংশ্লিষ্টরা বিষয়টি সেলিব্রেশন না করে একজন অন্যজনকে টেনে নামানোর চেষ্টা চলছে বলে মনে করছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা বলেন ফারুকী। ঢাকাটাইমস পাঠকদের জন্য ফারুকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই। কারও ওইটা ভালো লেগেছে, অন্যজনের সেটা ভালো লাগে নাই।’

‘কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে— এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিল। কিন্তু সেখানে পুরো জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা।’

‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে, তা না! বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটি কেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এরকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে!’

‘আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেওয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবে না।’

‘মনে রেখো ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *