আজও রাজপথ ছাড়ি নাই, আছি: সম্রাট

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা জানাতে যান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সোমবার সকালে বিশাল কর্মীবাহিনী নিয়ে মিছিলসহ জাতীয় প্রেসক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট। প্রেসক্লাব, হাইকোর্ট চত্বরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

প্রধানমন্ত্রীর গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট শ্লোগান দিতেও দেখা গেছে। এ সময় সম্রাটসহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুভেচ্ছা জানান।

আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে সম্রাট বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, যুবলীগ আছি রাজপথে।

উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে প্রেসক্লাব ও হাইকোর্ট চত্বর এলাকায় জড়ো হতে শুরু করেন সম্রাট অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা। মাথায় কালো কাপড় বেঁধে খন্ড খন্ড মিছিল নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি শ্লোগানে শ্লোগানে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

প্রেসক্লাব চত্বর থেকে শিক্ষা ভবন হয়ে হাইকোর্ট চত্বর ছাড়িয়ে যায় হাতে হাত ধরে সারি বাধা নেতাকর্মীদের লাইন। প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়ার আগে ইসমাইল চৌধুরী সম্রাটকে পায়ে হেঁটে হাইকোর্ট চত্বর পর্যন্ত সারিবদ্ধ নেতাকর্মীদের খোঁজ নিতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরাও সম্রাটকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে সব অপশক্তিকে রাজপথে রুখে দিতে সম্রাট মাঠে নেমেছেন। তারা বলছেন, বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মীবাহিনী অংশ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড হিসেবে রাজপথে অবস্থান নিয়ে আবারো নিজের অবস্থানের জানান দিয়েছেন সম্রাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *