আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জিএম কাদের

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বলেন, ‘সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না।’

বুধবার জাপার বনানী কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব বলেন।

জিএম কাদের বলেন, দেশে সুশাসন দেবো- এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কী করলে জনগণের ভালো হবে, আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনের সিদ্ধান্ত নেবো। আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো তাহলে আমরা তাই করবো। যদি আমাদের সেই শক্তি না থাকে তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। তখন আমরা দেখবো, কার সঙ্গে জনগণ বেশি উপকৃত হবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘আমরা আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *