আইডিয়ালের সেই ছাত্রীকে নিজের জিম্মায় নিতে বাবার রিট

ক্যাম্পাস

জেএন ২৪ নিউজ ডেস্ক: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা ছাত্রীকে নিজের জিম্মায় নিতে রিট আবেদন করেছেন শিক্ষার্থীর বাবা। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সন্তানকে নিজের কাছে নিতে এই রিট আবেদন করেন বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

রবিবার বিকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মামলার ভুক্তভোগীকে হেফাজতে নেওয়ার জন্য একটি রিট করেছি। যতদিন ভুক্তভোগীকে আমাদের জিম্মায় না দেওয়া হয়, ততদিন তাকে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য আবেদনে বলেছি।’

এর আগে গত ১ আগস্ট মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন কলেজছাত্রীর বাবা। এতে প্রলোভন দেখিয়ে বিয়ে ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগ আনা হয়।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বাদী বলেন, তার মেয়ে (ভুক্তভোগী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভুক্তভোগীকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে আনতেন। খোঁজ-খবর নেওয়ার নামে আসামি ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কিছুদিন পর আসামি মুশতাক ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে এবং তাকে ও তার পরিবারকে ঢাকা ছাড়া করার হুমকি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *