ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে সাড়ম্বর রাজকীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের সরকারপ্রধান।

এদিন সকালে শুরু হয় তৃতীয় চার্লসের সিংহাসনে বসার রাজকীয় অনুষ্ঠান। নানা আনুষ্ঠিকতার পর রাজ সিংহাসনে বসেন ব্রিটেনের ৪০তম রাজা চার্লস। রাজমুকুট পরে সিংহাসনে আরোহন করেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র। ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও রানি কনসর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।

শেখ হাসিনা এর আগে ৫ মে রাজা ও রানি কনসর্টের অভিষেকের প্রাক্কালে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন।

সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী শুক্রবার বিকালে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগদান করেন। পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকেও যোগ দেন।

লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন। এসময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকারপ্রধানদের মতবিনিময় হয়।

কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।

৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পরে ব্রিটিশ রাজা হিসেবে চার্লসের অভিষেক হলো।

রাজা তৃতীয় চার্লসের এই অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *