অনলাইন ডেস্ক: ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান।
তিনি বলেন, “পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালকের নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। তারা বিমানবন্দরে নামার পর সিটি এসবি ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদেরকে হেফাজতে নেওয়া হয়।”
তাদেরকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে জানিয়ে জুয়েল রানা বলেন, এ বিষয়ে ‘পরবর্তী আইনি ব্যবস্থা’ নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে অন্তত ২৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।